গণেশ পুজোয় এবার বড় চমক ঘোলায়। সি-ব্লক সাহাপাড়ার শ্রীপল্লি অটোস্ট্যান্ডে তৈরি হচ্ছে ৫০ ফুটেরও বেশি উচ্চতার বিশাল গণেশমূর্তি। উদ্যোক্তাদের দাবি, উত্তর ২৪ পরগনা তো বটেই, গোটা পশ্চিমবঙ্গেই এমন উচ্চতার গণেশমূর্তি আগে দেখা যায়নি।
২০১৫ সাল থেকে এই পুজোর আয়োজন করে আসছেন বিজেপি নেতা সুজিত বড়ুয়া। এ বার পুজো ১২ বছরে পড়ল। ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের বক্তব্য, গত বছর শুভেন্দুর সামনে তাঁরা কথা দিয়েছিলেন, সরকার পরিবর্তন হলে আরও বড় করে গণেশ পুজোর আয়োজন করবেন। সেই প্রতিশ্রুতির পর এ বারই সবচেয়ে বড় আকারে আয়োজন করা হচ্ছে।
মণ্ডপের সামনে থাকছে ৫০ ফুটের বেশি উচ্চতার গণেশমূর্তি। মূর্তির পায়ের কাছে পাহাড়ি ঝরনার আদলে জলধারা তৈরি করা হবে।
মণ্ডপের অন্দরসজ্জাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ সচেতনতার উপর। মূল মণ্ডপে থাকবে ১২ ফুটের আমেরিকান ডায়মন্ডের গণেশমূর্তি। পাশাপাশি আরও ৩০টি গণেশমূর্তি রাখা হবে।
এ বারের থিমের নাম ‘বিঘ্নহারিণী’। জল ও গাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা মানুষের সামনে তুলে ধরাই এই থিমের মূল উদ্দেশ্য। প্রায় ৩০ জন শিল্পী দেড় মাস ধরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ করছেন। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্ত্বাবধানে চলছে গোটা প্রস্তুতি।
ইন্দ্রজিৎ পোদ্দারের বক্তব্য, প্রকৃতি কারখানায় তৈরি হয় না, রক্তও তৈরি করা যায় না। তাই মানুষের জীবনে প্রকৃতির গুরুত্ব বোঝাতেই জল ও গাছ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে।
সুজিত বড়ুয়ার দাবি, নানা বাধা সত্ত্বেও ১১ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এ বার আয়োজনের পরিধি সবচেয়ে বড়। মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a comment