নয়াদিল্লি: রবিবার দক্ষিণ-পশ্চিম দিল্লির চাণক্যপুরীর কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা মেসবাড়ি আচমকাই ভেঙে পড়ে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে প্রায় ৭ জনের। এবার এই ঘটনায় অবশেষে গ্রেফতার বাড়ির মালিক। সূত্রের খবর, রাজস্থানের ভিয়াডি থেকে বাড়ির মালিক হরিরাম গুপ্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিরামের রং ও হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে। সেক্টর ২৩-তে তাঁর একটি দোকানও রয়েছে। গত ১৫ বছর ধরে এলাকার পরিচিত ব্যবসায়ী ছিলেন তিনি। গত দু’দিন ধরে সেই দোকানও তালাবন্ধ ছিল। দিল্লির ধসে পড়া বাড়ির মালিককে খুঁজতে প্রতিবেশী ও স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেক্টর ২৩ ও পালাম বিহারে গুপ্তা পরিবারের বেশ কয়েকটি বাড়ি রয়েছে।

সোমবার সকালেই বাড়ির মালিক হরিরামের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে দিল্লি পুলিশ। দুর্ঘটনার পর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। তাঁকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি চালানো শুরু করে পুলিশ। পরে দুপুর গড়াতেই রাজস্থান থেকে মিলল তাঁর খোঁজ। দেশ ছেড়ে যাতে হরিরাম পালাতে না পারেন তার জন্য আগেই পাসপোর্টের তথ্য সংগ্রহ করে পুলিশ। তাঁকে খুঁজে বার করতে অভিযানে নামে পুলিশের চারটি টিম। এরপরেই জানা যাচ্ছে, রাজস্থানের ভিয়াডি থেকে বাড়ির মালিক হরিরাম গুপ্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, সত্য নিকেতনের বাড়ি ভাঙার ঘটনায় হরিরাম ছাড়াও কয়েজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সাউথ ক্যাম্পাস থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, বাড়ি মেরামতিতে গাফলতি এবং বাড়ির আবাসিকদের জীবন বিপজ্জনক করে তোলার ধারায় মামলা হয়েছে।

Leave a comment