শিশুদের জন্য সোশ্যাল মিডিয়াকে আরও নিরাপদ করতে এবার নজরদারি জোরদার করছে কেন্দ্রীয় সরকার। অনলাইন প্ল্যাটফর্মে শিশু নির্যাতন, শোষণ বা নিগ্রহ সংক্রান্ত কোনও কনটেন্ট ধরা পড়লে দ্রুত তা তদন্তকারী সংস্থাকে জানানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগে সরকারের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে মেটা।
সরকারি বিবৃতি অনুযায়ী, মেটার পরিচালিত কোনও প্ল্যাটফর্মে শিশু নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট শনাক্ত হলে তা দ্রুত দেশের সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার নজরে আনা হবে। শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছে সরকার।
তবে শুধু মেটার প্ল্যাটফর্মেই নজরদারি সীমাবদ্ধ থাকবে না। ভারতে পরিষেবা দেওয়া অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও শিশুদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিশু নির্যাতন বা শোষণমূলক কনটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে নজরদারি চালানো হবে। সরকারি নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সাম্প্রতিক একটি বিতর্কের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। চলতি বছরে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপন নিয়ে অভিযোগ ওঠে। ওই বিজ্ঞাপনে শিশু নিগ্রহকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পাশাপাশি, সেখানে Child Sexual Exploitive and Abusive Material বা CSEAM থাকার অভিযোগও সামনে আসে।
অভিযোগের পর মেটা বিষয়টি খতিয়ে দেখে বেশ কিছু বিজ্ঞাপন বন্ধ করে এবং একাধিক অ্যাকাউন্ট সাসপেন্ড করে বলে জানা যায়। শিশু নির্যাতন বা শোষণ সংক্রান্ত কনটেন্ট প্রকাশ্যে এলে তা National Center for Missing and Exploited Children-এর কাছে রিপোর্ট করার ব্যবস্থার কথাও জানিয়েছিল সংস্থাটি।
কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট, শিশুদের ডিজিটাল নিরাপত্তাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত আপত্তিকর কনটেন্ট শনাক্ত করা, সংশ্লিষ্ট কনটেন্ট রিপোর্ট করা এবং তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। আগামী দিনে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও এই নির্দেশ কতটা মেনে চলে, সেটাই এখন দেখার।

Leave a comment