কলকাতা: এসআইআর-এর শুনানির কাজ এখনও শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তাই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আরও সময় বরাদ্দ করা হয়েছে। বাড়ানো হয়েছে শুনানির দিনক্ষণ। এদিকে সুপ্রিম কোর্টে জারি রয়েছে মামলা। সোমবার এই মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ রাজ্যের। সোমবার এই শুনানির আগেই কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে।
গত বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, রাজ্য সরকার এসআইআরের কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ-বি আধিকারিক দেয়নি। তাই ভিন রাজ্য থেকে আধিকারিকদের নিয়োগ করতে হয়েছে। এরপর আদালত রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছিল, কতজন গ্রুপ-বি আধিকারিককে রাজ্য এসআইআর-এর কাজের জন্য দিতে পারবে, তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই মতো শনিবারই কমিশনকে নবান্ন জানিয়ে দিয়েছে, এসআইআর কাজের জন্য ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার।
সোমবার আবার শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি। গত বুধবারের মতো এদিনও সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সশরীরে না থাকলেও ভারচুয়ালি থাকবেন বলে খবর। শুনানির আগেই এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে বলে জানালো রাজ্য। আইনি মহলের মতে, একদিকে নিজেদেরই ঠিক করা সিদ্ধান্তে বদল এবং সময়সীমা ক্রমাগত পিছিয়ে চলেছে কমিশন। অন্যদিকে, সুপ্রিম-নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর দাবিগুলি মেনে নিতে বাধ্য হচ্ছে। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে পরবর্তী কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেয়, সেদিকে নজর গোটা দেশের।

Leave a comment