উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের আবহাওয়ার সমস্যায় পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কালিম্পংয়ের উদ্দেশে রওনা দেওয়ার পর পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার কারণে তাঁর চপার অবতরণ করতে পারেনি। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর শেষ পর্যন্ত শিলিগুড়িতে ফিরে আসে চপার। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর সশরীরে উপস্থিত থাকা সম্ভব হল না।
মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর দু’টি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। প্রথমে কালিম্পংয়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। এরপর দুপুরে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
কালিম্পংয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের তরফে আগে থেকেই একাধিক ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানস্থলের কাছেই তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর চপার অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে পাহাড়ের আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠায় সমস্ত পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।
কালিম্পংয়ের আকাশে এদিন ঘন কুয়াশা ছিল। এর ফলে দৃশ্যমানতা কমে যায়। পাহাড়ি এলাকায় কম দৃশ্যমানতার মধ্যে হেলিকপ্টার অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখে পাইলট একাধিকবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চপার নামানো সম্ভব হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতির কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে সরকারি অনুষ্ঠানটি সম্পূর্ণ বাতিল হচ্ছে না।
জানা গিয়েছে, শিলিগুড়ির উত্তরকন্যা থেকেই ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর ফলে সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত কর্মসূচি পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে কালিম্পংয়ে প্রস্তুতি সম্পূর্ণ ছিল। অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল। কিন্তু কুয়াশার কারণে চপার অবতরণ সম্ভব হয়নি।
তাঁর বক্তব্য অনুযায়ী, শিলিগুড়িতে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কালিম্পংবাসীর সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানটি পরিকল্পনামাফিকই হবে বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর সফরে আবহাওয়ার কারণে চপার বিভ্রাটের ঘটনা এই প্রথম নয়। প্রায় দুই মাস আগে বাঁকুড়া যাওয়ার সময়ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল তাঁর চপার।পরিস্থিতির কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে হয়েছিল। এবার কালিম্পংয়ের ক্ষেত্রেও প্রতিকূল আবহাওয়ার কারণে সফরসূচিতে পরিবর্তন করতে হল।
কালিম্পংয়ে সরাসরি যেতে না পারলেও উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক আপাতত বহাল রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে কালিম্পংয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং উন্নয়নমূলক কাজ নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a comment