কলকাতা: আসন্ন দুর্গোৎসব নিয়ে জোরদার প্রস্তুতি শুরু রাজ্যজুড়ে। দুর্গাপুজোর আগেই তাই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭ সেপ্টেম্বর, সোমবার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গা পুজো নিয়ে সমন্বয় বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুজোর গাইডলাইন, সরকারি অনুদান থেকে পুজোর বিসর্জন সমস্ত কিছু নিয়েই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে।
জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ এই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই বৈঠকের কথা তিনি আগেই জানিয়েছিলেন। সেই কথা মতই আজকের এই বৈঠক হতে চলেছে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে। জুন মাসেই মুখ্যমন্ত্রী এই অনুদান নিয়ে জানান, ‘সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয়, তাদের দেওয়ারও দরকার নেই। যাঁরা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাঁদের পাশেই সরকার থাকবে।’
পুজো অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সহমত পোষণ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্য়োক্তা, অর্থাৎ বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর মতে, যাদের প্রয়োজন তাদের দেওয়া হোক অনুদান। আর যাদের প্রয়োজন নেই তাদের না দেওয়াই ভাল। তবে ছোট পুজোগুলোর ক্ষেত্রে এই অনুদান প্রয়োজন বলেও মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের ছোট বড় সমস্ত পুজো কমিটিগুলি।

Leave a comment