কলকাতা: সেক্টর ফাইভ, নিউটাউন ও দক্ষিণ কলকাতার মধ্যে যাতায়াতের দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে। চিংড়িঘাটা ক্রসিংয়ের উপর নির্ভরতা কমাতে নতুন একটি বিকল্প রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিনের যানজট থেকে বড় স্বস্তি পাবেন হাজার হাজার নিত্যযাত্রী।

এই নতুন সংযোগকারী রাস্তা তৈরি হচ্ছে সেক্টর ফাইভ সংলগ্ন মহিষবাথান এলাকা থেকে বাসন্তী হাইওয়ে হয়ে বানতলা পর্যন্ত। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই পথ এতদিন অবহেলিত অবস্থায় পড়ে ছিল। সংকীর্ণ ও কাঁচা রাস্তার কারণে সাধারণ মানুষ এই রাস্তায় যাতায়াত এড়িয়ে চলতেন। বর্ষাকালে কাদায় ভরে যাওয়ায় চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠত।

নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)-র তত্ত্বাবধানে রাস্তাটির আধুনিকীকরণের কাজ করা হবে। পেভার ব্লক বসানো ও প্রয়োজনীয় অংশে পিচ ঢালাইয়ের মাধ্যমে রাস্তির মান উন্নত করা হবে। প্রশাসনের দাবি, এতে বড় গাড়ি থেকে শুরু করে ছোট যান—সবই নিরাপদে চলাচল করতে পারবে।

পরিবেশের বিষয়টিও এই প্রকল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে। রাস্তার একটি অংশ পূর্ব কলকাতা জলাভূমি এলাকার মধ্য দিয়ে যাওয়ায় স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা বজায় রাখতে পেভার ব্লক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জলাভূমির বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

বর্তমানে দক্ষিণ কলকাতা থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রধান রুট চিংড়িঘাটা ও সায়েন্স সিটি সংলগ্ন এলাকা। অফিস টাইমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। নতুন বিকল্প রাস্তা চালু হলে চিংড়িঘাটা মোড়ের উপর থেকে উল্লেখযোগ্য পরিমাণ যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

এই সংযোগপথ ব্যবহার করে বাসন্তী হাইওয়ে হয়ে সরাসরি রুবি মোড় ও ইএম বাইপাসে পৌঁছনো যাবে। ফলে যাতায়াতে সময় কমবে আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট। বিশেষ করে আইটি কর্মী ও অফিসযাত্রীদের জন্য এটি দৈনন্দিন যাত্রাকে অনেকটাই সহজ করে তুলবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে এবং খুব শিগগিরই নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a comment