কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সংকটজনক রোগী নিয়ে ভোগান্তির অন্যতম কারণ ‘রেফার বিভ্রাট’। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়ার বদলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বেড নেই, চিকিৎসক নেই এই যুক্তিতেই সময় নষ্ট হয়, অনেক ক্ষেত্রে প্রাণ পর্যন্ত হারান রোগীরা। এই পরিস্থিতি সামাল দিতেই এবার কার্যকর পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য ভবনে চালু হয়েছে ইন্টিগ্রেটেড ‘বেড-ওয়াচ’ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালে বেডের প্রকৃত অবস্থা নজরে রাখা হবে। কোথায় বেড খালি রয়েছে, সেই তথ্য এক জায়গায় পাওয়ায় অকারণে রোগী রেফার করার প্রবণতা কমবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য ভবনের এই কন্ট্রোল রুমে ১২ জন আধিকারিক দায়িত্বে থাকবেন। সোমবার থেকে শনিবার পর্যন্ত দুই শিফটে চলবে কন্ট্রোল রুমের কাজ। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় শিফট। পরিষেবা যাতে দিনের বেশিরভাগ সময় সচল থাকে, সেই লক্ষ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রেফার ব্যবস্থার পাশাপাশি সরকারি হাসপাতালগুলির ওপিডি পরিষেবার উপরেও নজর রাখবে কন্ট্রোল রুম। নির্দিষ্ট সময় পর্যন্ত ওপিডি বিভাগ খোলা রয়েছে কি না এবং চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Leave a comment