বৃষ্টির চোখরাঙানি এখনও থামছে না বঙ্গে। কলকাতা সহ জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a comment