নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। আগে প্রকাশিত সূচি অনুযায়ী ৫, ৬ এবং ৭ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ৬ অক্টোবর দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ থাকায় পরীক্ষার সূচিতে পরিবর্তন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর। ৬ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর করা হয়েছে।অন্যদিকে, ৭ অক্টোবরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। অর্থাৎ নির্ধারিত পরীক্ষাগুলি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে পরীক্ষার তারিখ পরিবর্তন হলেও সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। সংসদের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত দিনগুলিতেও পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ফলে পরীক্ষার্থীদের নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের কাজে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ফলে পরীক্ষা পরিচালনায় যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই দিন পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৯ অক্টোবর। তার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে।
ফলে পরীক্ষার্থীদের পুরনো রুটিন অনুসরণ না করে নতুন সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ১২, ১৩ এবং ১৪ অক্টোবর যথাক্রমে ৫, ৬ ও ৭ অক্টোবরের পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় অবশ্য আগের মতোই থাকছে।

Leave a comment