দীর্ঘদিনের জলযন্ত্রণা৷ এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৭ এর জুন মাসের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম থেকেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশির জোয়ার ঘাটালে।
এদিন বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু। এমনকী সভায় যোগ দেওয়ার আগেই হেলিকপ্টার থেকে প্লাবিত ঘাটাল পরিদর্শন করেন তিনি৷ কীভাবে এই কাজ এগোবে তা নিয়ে বিস্তরে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “এবারের বর্ষাতেও ঘাটালের বানভাসি দশা। ঘাটাল মাস্টার প্ল্যান যা বিগত দিনে ভাষণে ছিল। এবার কেন্দ্র ও রাজ্য ৫০ শতাংশ করে টাকা দেবে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও কিছু টাকা দেবে। রাজ্যের তরফে মোট ১২০০ কোটি টাকা মঞ্জুর করলাম। জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। দাসপুর ও ঘাটালের বিধায়করা কাজের দিকে নজর দিন। যাতে ফি বছর জলযন্ত্রণা থেকে রেহাই পান গ্রামবাসী। পুজোর পর কাজ শুরু হবে পুরোদমে। জুনের মধ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার।”
শুভেন্দু আরও বলেন, এছাড়া এদিন গঙ্গাপাড়ের কাছে কাঁচা বাড়ির তালিকা তৈরি করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। প্রতিটি কাঁচা বাড়ির মালিকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। দ্রুত এই টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্রতি বছর বন্যা প্রবণতা বাড়তে থাকছে ঘাটালে। বন্যা সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। তবে বিগত তৃণমূল সরকার প্রতিশ্রুতির বাঁধ গড়লেও আদতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুই এগোয়নি। তাই এবার বর্ষাতেও একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। রাজ্যে পালাবদলের পর ফের নতুন আশায় বুক বাঁধতে শুরু করেন ঘাটালের বাসিন্দারা। এহেন পরিস্থিতিতে ঘাটালবাসীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a comment