গঙ্গা থেকে বালি তুলে পাচারের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার হলেন দু’জন। শিবমন্দির সংলগ্ন একটি ঘাটে অভিযান চালিয়ে তাঁদের ধরে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি নৌকা এবং প্রায় ৪০০০ কিউবিক ফুট সাদা বালি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম কুন্দন সাহানি ও লক্ষ্মণ সাহানি।
পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ভাটার সময় নৌকা নিয়ে বালি তোলা হত। পরে ছোট গাড়িতে সেই বালি অন্যত্র নিয়ে যাওয়া হত বলে অভিযোগ। গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে এর আগেও চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জমা পড়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর ফের এই কারবার শুরু হয়েছে বলে খবর পায় পুলিশ। এরপরেই উত্তরপাড়ার ওই ঘাটে অভিযান চালানো হয়।
গঙ্গা থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কীভাবে এই কাজ চলছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বালি তোলার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতদের দাবি, উত্তরপাড়ার বাসিন্দা অর্জুন চৌধুরী তাঁদের বালি তোলার কাজ দিয়েছিলেন। বালি তোলার অনুমতি সংক্রান্ত সরকারি নথি তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। যদিও এই দাবির সত্যতা এখনও যাচাই করা হয়নি। ওই ব্যক্তির সঙ্গে এই কারবারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সেই দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।
ঘটনা প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, বালি চুরির বিষয়টি তাঁর জানা ছিল না। তবে অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এই ধরনের কাজ হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান বিধায়ক।

Leave a comment