জন্মদিনের পার্টির আড়ালে মাদক সেবনের অভিযোগ উঠল খোদ কলকাতায়। রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকার রবিনসন স্ট্রিটের একটি হোটেলে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সঙ্গে ছিলেন নার্কোটিক্স বিভাগের আধিকারিকরাও। ওই পার্টিতে থাকা প্রায় ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ হোটেলের একটি ঘরে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মাদক সেবন করা হচ্ছে বলে খবর পৌঁছয় পুলিশের কাছে। এরপর রাত প্রায় ২টো নাগাদ হোটেলে যায় এসটিএফ। শুরু হয় তল্লাশি।

প্রাথমিক তদন্তে ওই ঘর থেকে কোকেন এবং এমডিএমএ-র মতো মাদক উদ্ধারের তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, ঘরের টেলিভিশনের পিছনে এবং বাথরুমে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। তবে সেগুলি কার, তা এখনও স্পষ্ট নয়।

অতিথিরাই মাদক নিয়ে পার্টিতে এসেছিলেন, নাকি হোটেলের কোনও কর্মীর মাধ্যমে সেখানে মাদক পৌঁছেছিল এই দুই সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে এই ঘটনায় বাইরের কোনও মাদকচক্রের যোগ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে।

সূত্রের খবর, এই পার্টির নেপথ্যে এক ব্যবসায়ীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগ থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। তবে তাঁদের ভূমিকা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

হোটেলের এক কর্মী জানিয়েছেন, ঘরটি ছোট হওয়ায় পার্টিতে ১০ থেকে ১৫ জনের মতো অতিথি ছিলেন। রাত ২টো নাগাদ পুলিশ হোটেলে আসে। এরপর শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

মাদক কোথা থেকে এল, কে তা সরবরাহ করেছিল এবং পার্টিতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কার কী ভূমিকা ছিল এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন তদন্ত চালাচ্ছে এসটিএফ।

Leave a comment