মহালয়া মানেই ভোরে গঙ্গার ঘাটে তর্পণ, আর আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী। তবে এবার সন্ধ্যাতেও কলকাতার নজর থাকবে ইডেন উদ্যানে। দেবীপক্ষের সূচনায় সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। একসঙ্গে তিন হাজার ঢাক বাজানোর পরিকল্পনা রয়েছে। তার সঙ্গে এক হাজার মানুষের উলুধ্বনি ও শঙ্খধ্বনি। অনুষ্ঠানে তিন হাজার ড্রোনের আলোর প্রদর্শনীও থাকছে।

শনিবার রেড রোড দিয়ে খোলা জিপে ইডেনের দিকে যাবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আর এন রবি। তাঁদের যাত্রাপথে বাংলার বিভিন্ন জেলার শিল্প-সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। রাস্তার পাশে তৈরি হয়েছে একাধিক মঞ্চ। সেখানে জেলার নিজস্ব নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা দেখা যাবে। ইডেনেও থাকছে নানা অনুষ্ঠান। ড্রোন শোয়ের পাশাপাশি থ্রি-ডি প্রজেকশন ম্যাপিংয়ের মাধ্যমে দেবী দুর্গার আবাহন তুলে ধরা হবে।

এবারের আয়োজন কলকাতার বাইরেও পৌঁছে দেওয়ার উদ্যোগ রয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বসেও অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও মহালয়া উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ইডেনের মঞ্চে থাকছেন একাধিক পরিচিত শিল্পী। গান গাইবেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্র। পরিবেশনা করবে বাংলা ব্যান্ড দোহার। শান্তনু মৈত্র ও তাঁর দলের অনুষ্ঠানও রয়েছে সূচিতে। যন্ত্রসংগীতে থাকবেন দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্য শিল্পীরা। গঙ্গার দুই পাড়েও মহালয়া উপলক্ষে বিশেষ আয়োজন করা হচ্ছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গঙ্গা আরতির ব্যবস্থা থাকছে।

এদিকে, ইডেনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোডের নির্দিষ্ট অংশে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। রাজা উডমন্ট স্ট্রিট থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর হবে। জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত পণ্যবাহী গাড়িগুলিকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে।

বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডেও বিধিনিষেধ থাকছে। রবীন্দ্র সরণির কেভিভি অ্যাভিনিউ থেকে বি কে পাল অ্যাভিনিউ পর্যন্ত অংশ, শোভাবাজার স্ট্রিট এবং নিমতলা ঘাট স্ট্রিটেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বাবুঘাটগামী বাসগুলিকে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হবে। 

মহালয়া উপলক্ষে নিরাপত্তার জন্য শহরে প্রায় ১৫০০ পুলিশকর্মী মোতায়েন থাকছেন। রাস্তায় নজরদারির পাশাপাশি গঙ্গাতেও চলবে পুলিশি নজরদারি। আকাশপথে পরিস্থিতির দিকে নজর রাখতে ব্যবহার করা হবে ড্রোন। ইডেনের অনুষ্ঠান এবং গঙ্গার ঘাটে তর্পণ করতে আসা মানুষের ভিড় সামলাতেই এই ব্যবস্থা।

Leave a comment