পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর নাম করে ভয়েস মেসেজে খুনের হুমকি! নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। তাঁর দাবি, ওই মেসেজে তাঁকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
নাজিয়ার অভিযোগ, গত ২১ তারিখে তাঁর কাছে একটি ভয়েস মেসেজ আসে। সেখানে পাকিস্তানের কুখ্যাত ভাট্টি গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেয় এক ব্যক্তি। মেসেজে দুই মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপি নেত্রীকেও ভয় দেখানো হয় বলে দাবি। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাজিয়া।
এই প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “এসব টার্গেট করে কোনও লাভ নেই। এভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় দেখানো যাবে না। উনি বাংলার বাঘ।”
শুভেন্দুকে ঘিরে নিরাপত্তার উদ্বেগ অবশ্য নতুন নয়। গত জুলাই মাসে বর্ধমানের রেনেশা হাউসিংয়ের একটি জিম থেকে এক জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ও তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি সামনে এসেছিল বলে দাবি। ২০২৪ সালে বিরোধী দলনেতা থাকাকালীন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরির জঙ্গিদের নিশানায় থাকার আশঙ্কাও তৈরি হয়েছিল। জনসভা কিংবা যাতায়াতের পথে হামলার সম্ভাবনা মাথায় রেখে সে সময় তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।

Leave a comment