পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে বুধবার ফের ইডির দফতরে হাজির হলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এরই মধ্যে দফতরের বাইরে হাজির হন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীরাও। ইডির জিজ্ঞাসাবাদ শেষ হলে ইন্দ্রনীলকে নিয়ে পুলিশ কী পদক্ষেপ করে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও তাঁকে আটক বা গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ইউনেস্কোর নাম ব্যবহার করে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রির অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। এই ঘটনায় কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে বউবাজার থানায় মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
একই অভিযোগের ভিত্তিতে আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে মামলা করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে একাধিকবার ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। বুধবার ফের তাঁকে তলব করা হয়।
এ দিন প্রাক্তন মন্ত্রীর হাজিরার পর সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশকর্মীদের উপস্থিতি নজরে আসে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সেখানে অপেক্ষা করছিলেন। ইডির দফতর থেকে বেরনোর পর ইন্দ্রনীলকে আটক বা গ্রেফতার করা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে কোনও আদালত থেকেই রক্ষাকবচ পাননি ইন্দ্রনীল।

Leave a comment