রবিবার রাতে আগুন লেগেছিল মহাকরণের পিছনে একটি বহুতলে। রাতভর দমকলের চেষ্টায় সোমবার ভোরের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে বিপদ পুরোপুরি কাটেনি। সকালে ফের নতুন করে আগুন ছড়িয়ে পড়ে বহুতলের নিচের একটি অংশে। পিছনের দিক থেকে বের হতে থাকে কালো ধোঁয়া, দেখা যায় আগুনের শিখাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন।

বিবাদী বাগ এলাকায় মহাকরণ ভবনের পিছনে ওই বহুতলটি রয়েছে। রবিবার রাতে সেখানে একটি অফিসের চার তলায় আগুন লাগে। অফিসের ভিতরে কম্পিউটারসহ বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী ছিল। আগুনে সেগুলির অনেকটাই পুড়ে গিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

ভোরের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও বহুতলের কয়েকটি জায়গায় পকেট ফায়ার থেকে গিয়েছিল। সেই আগুন নেভাতেই ভিতরে কাজ করছিলেন দমকলকর্মীরা। এর মধ্যেই নতুন করে নিচের একটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ওই অংশ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের শিখাও বাইরে থেকে নজরে আসে।

এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। উপরের তলাগুলিতে যেখানে আগুনের ছোট ছোট উৎস রয়েছে, সেখানে জল দেওয়া হচ্ছে। পাশাপাশি বাইরে থেকেও বহুতলের বিভিন্ন অংশে জল ছোড়া হচ্ছে। আগুন যাতে পাশের অংশে ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

অফিসের ভিতরে প্রচুর দাহ্য সামগ্রী থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কোথাও আগুন নিভে গেলেও ভিতরে তাপ থেকে যাওয়ায় ফের তা জ্বলে ওঠার আশঙ্কা থাকছে। সেই কারণে প্রতিটি অংশ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নেভার পরই বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a comment