বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের কালচিনির সুভাষিণী চা-বাগান সংলগ্ন মাঠে বন দফতরের আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা। এই সফরেই জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় থাকা দুই হস্তী শাবকের নামকরণ করবেন মুখ্যমন্ত্রী।
সোমবারই অনুষ্ঠানের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ, বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগ্গা-সহ একাধিক মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাও খতিয়ে দেখা হয়।
এদিকে, মুখ্যমন্ত্রীর সভার আগে সুভাষিণী চা-বাগানের মাঠে গঙ্গাজল ছিটিয়ে ‘শোধন’ করেন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, অতীতে এই একই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল। রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারীর সেখানে প্রথম কর্মসূচিকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে।
বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে শুধু হস্তী শাবকের নামকরণই নয়, বন দফতরের হাতে থাকা বিভিন্ন মৃত বন্যপ্রাণীর দেহাংশও নষ্ট করার কর্মসূচি রয়েছে। বন দপ্তরের হাতে থাকা বাজেয়াপ্ত বন্যপ্রাণী-সম্পর্কিত সামগ্রী প্রকাশ্যে ধ্বংস করার পরিকল্পনা আগেই জানানো হয়েছিল।
অনুষ্ঠানস্থলে বন দফতরের একটি প্রদর্শনীও ঘুরে দেখার কথা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর তৈরি নতুন সেতুর উদ্বোধন করারও কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে আকাশপথে কলকাতায় ফেরার কথা।
বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, দুপুরের পর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুই হস্তী শাবকের নামকরণের পাশাপাশি বন্যপ্রাণীর দেহাংশ ধ্বংস এবং বন দফতরের প্রদর্শনী পরিদর্শনের কর্মসূচিতেও তিনি থাকবেন। একইসঙ্গে আগামী ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার কর্মসূচিতেও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা জানিয়েছেন বনমন্ত্রী।

Leave a comment