দলের নাম ও প্রতীক নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। নন্দীগ্রাম উপনির্বাচনেও কালীঘাটপন্থী তৃণমূলের প্রার্থী শেষ পর্যন্ত ভোটের ময়দানে নেই। এই পরিস্থিতিকে সামনে রেখে এবার তৃণমূলকে কটাক্ষ করে অভিনব কর্মসূচি নিল বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টারে তৃণমূলের প্রতীকী শ্রাদ্ধ ও শেষকৃত্য করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

শনিবার সকালে সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পুরোহিতের উপস্থিতিতে নিয়ম মেনে একাধিক আচার-অনুষ্ঠান করেন বিজেপি কর্মীরা। পরে রাস্তার নির্দিষ্ট জায়গায় আগুন জ্বালিয়ে প্রতীকীভাবে তৃণমূলের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেই সময় ‘বল হরি, হরি বোল’ স্লোগানও দিতে শোনা যায় বিজেপি কর্মীদের।

শেষকৃত্যের পর আয়োজন করা হয় প্রতীকী শ্রাদ্ধশান্তির। সেখানে ধান, ডিম, কলা, বালি এবং কয়লা রাখা হয়েছিল। বিজেপির দাবি, তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ইঙ্গিত করেই এই সামগ্রীগুলি ব্যবহার করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চেয়ার ও ছবির মাধ্যমে বিভিন্ন বার্তাও তুলে ধরা হয়।

জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব কার্যত শেষের পথে। তাঁর বক্তব্য, “এখনও তৃণমূল প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। শেষবেলায় ডিম খেয়েছে অনেক, তাই ডিম রাখা হয়েছে। একসময় বালি, কয়লা সব খেয়েছে। তাই শ্রাদ্ধের পর একেবারে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে।” এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলকে ‘শেষ বিদায়’ জানানোর বার্তাই দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।

Leave a comment