নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদ খেয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই বেআইনি মদের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুয়েনসাং জেলায় ১১ জন এবং মোকোকচুং জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। মৃতদের শরীর থেকে সংগৃহীত নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মদে থাকা কোনও বিষাক্ত উপাদানের কারণে মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট হবে।
ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে তদন্ত চলছে। কোথা থেকে বেআইনি মদ সরবরাহ করা হয়েছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং কী ভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া গিয়েছে।
নাগাল্যান্ডে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ রয়েছে বিভিন্ন এলাকায়।
সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধারের পর প্রশাসনের নজর এখন সেই অবৈধ সরবরাহ ব্যবস্থার দিকে।
এদিকে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ। লেবেলহীন বা সন্দেহজনক মদ কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মদ্যপানের পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট কিংবা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া মদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

Leave a comment