ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে বুধবার সকালে শেক্সপিয়র সরণি থানায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় তাঁকে হাজির হতে বলেছিল পুলিশ। সেই সময় মেনেই এক আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় ঢোকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করেন। তবে কোনও উত্তর দেননি অভিষেক।
সোমবারই থানায় হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেদিন থানায় যাননি সাংসদ। ইমেল করে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন তিনি। এরপর সোমবারই তাঁর বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। বুধবার সকাল ১১টায় হাজির হওয়ার নোটিস দিয়ে আসেন তাঁরা।
গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিলবোর্ড খুলতে গেলে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের অভিযোগ, তাঁদের কাজে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয়। ধস্তাধস্তির মধ্যে কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়েও যান। পুরকর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
কলকাতা পুরসভার বক্তব্য, বিলবোর্ডটি বেআইনি ছিল। বাধা এলেও শেষ পর্যন্ত সেটি খুলে দেওয়া হয়। এই ঘটনায় অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুরসভা। পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করা হয়।
এর আগে পুরসভার দায়ের করা একটি মামলায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। অন্য একটি এফআইআরের ভিত্তিতেই শেক্সপিয়র সরণি থানায় ফের তলব করা হয় তাঁকে। সেই নোটিস মেনেই বুধবার হাজির হলেন তৃণমূল সাংসদ।

Leave a comment