নভেম্বরের বদলে ডিসেম্বরে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থী বাছাই থেকে শুরু করে রণনীতি সাজানোর প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে। এর মধ্যেই খবর মিলছে, আগামী সপ্তাহেই পুরভোটের রণকৌশল স্থির করতে কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।

জানা গিয়েছে, নীতীন নবীন ২ নভেম্বর কলকাতায় এসে বৈঠক করবেন রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে। এই বৈঠকেই পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা সারবেন। ভোটের রণকৌশল সাজিয়ে দিতেই এই বঙ্গ সফর তাঁর। রাজ্য বিজেপি সূত্রে খবর, ২ নভেম্বর কলকাতায় পৌঁছবেন তিনি। সেদিন রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। পুরসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি ও রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে সেখানে।

পূর্বে সেপ্টেম্বরের শেষ দিকে দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন নীতীন নবীন। সেই সময় রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন তিনি। সেখানে কলকাতা ও হাওড়ার পুরভোটে কীভাবে লড়াই করা হবে, প্রার্থী বাছাইয়ের পদ্ধতি কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছিল বলে খবর। এবারের বৈঠকেও দুই পুরসভার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কথা উঠতে পারে। তবে এখনও প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।

Leave a comment