কলকাতা: সোমবার থেকেই বর্ধিত হারে বিধবা-বার্ধক্য-দিব্যাঙ্গ (বিশেষভাবে সক্ষম) ভাতা অ্যাকাউন্টে ঢুকবে। ১৫০০ টাকা করে মিলবে এই ভাতাগুলি। তবে, দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের দেওয়া হবে বাড়তি সুযোগ। তাঁরা শুধু ১৫০০ নয়, মাসে মাসে পাবেন ৪৫০০ টাকা। কীভাবে এই টাকা পাওয়া যাবে! তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুভেন্দু অধিকারী বলেন, “আরেকটা সুখবর আমি দেব দিব্যাঙ্গজনদের জন্য। আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম-নীতি আমরা করেছি। ইতিমধ্যেই এক কোটি ৪৮ লক্ষ মহিলা পেয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরে আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।”
এই মর্মে তিনি আরও বলেন, “এমন ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গজন বোন বা দিদি রয়েছেন, যাঁরা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে পড়েন। আমরা দু’টো ভাতা দিচ্ছি না। তবে, দিব্যাঙ্গজনদের বলেছি যাঁরা ২৫ থেকে ৬০ বয়সী, তাঁরা দেড় হাজার টাকা ভাতাও পাবেন, সঙ্গে অন্নপূর্ণার ৩০০০ টাকাও পাবেন। অর্থাৎ মাসে তাঁরা ৪৫০০ টাকা করে পাবেন।”
সপ্তাহের শুরুতেই এই ভাতা ঢোকা শুরু হয়ে গিয়েছে। বর্ধিত হারেই অর্থাৎ ১৫০০ টাকা করেই মিলবে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা। মুখ্যমন্ত্রী এদিন জানান, “অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে ১৫০০ করে পেলেন।”

Leave a comment