দিনক্ষণ ঘোষণা হল আপামর বাঙালির পছন্দের বইমেলা। আগামী বছরের বইমেলায় হতে চলেছে একাধিক বদল। ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী বছর ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল থিম হতে চলেছে  ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি। সোমবার একথা জানান বইমেলার আয়োজকরা।

আয়োজকরা জানিয়েছেন, ইজরায়েলকে থিম কান্ট্রি হিসেবে প্রাথমিক ভাবে ভাবা হয়েছে। তবে থিম কান্ট্রি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যথাসময়ে উপদেষ্টা কমিটিই নেবে বলে জানানো হয়েছে। বইমেলা উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি সাংবাদিকদের বলেন, “আগামী বছরের বইমেলার কেন্দ্রীয় থিম ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর। এটি স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদ এবং ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।” 

তিনি আরও জানান, আগামী বইমেলায় বাংলার ইতিহাস, সাহিত্য এবং সামাজিক-সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিকও গুরুত্ব পেতে পারে। কমিটি দেশভাগের ইতিহাস এবং পশ্চিমবঙ্গ গঠনের পরিস্থিতি তুলে ধরার বিষয়টি বিবেচনা করছে। জনপ্রিয় সংস্কৃতিও বইমেলায় জায়গা পেতে পারে। কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’-র ১০০ বছর পূর্তিও আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে বলে তিনি জানান।

২০২৭ এর বইমেলায় আধুনিক হতে চলেছে স্টল বন্টন প্রক্রিয়া। স্টল বণ্টনের ক্ষেত্রে নতুন পদ্ধতি আনার কথা ভাবছে কমিটি। বিশ্বের বড় বড় বইমেলায় ব্যবহৃত ব্যবস্থার আদলে কম্পিউটারাইজড বা অটোমেটিক পদ্ধতিতে স্টল বণ্টন করা হতে পারে। পাশাপাশি এবার বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের অবস্থানের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।

Leave a comment