দুর্গাপুজোর মধ্যেই রাজ্যসভা উপনির্বাচন। তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। মঙ্গলবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ক্যালেন্ডার অনুযায়ী, ওই দিনই দুর্গাপুজোর ষষ্ঠী এবং দেবীর বোধন। একই দিনে হবে ভোটগণনা ও ফলপ্রকাশ।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। ৭ অক্টোবর হবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর। ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওই দিন বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। ১৯ অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। পশ্চিমবঙ্গের এই উপনির্বাচনের পাশাপাশি উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও ভোট হবে।
চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই অবশ্য পদ ছাড়েন কোয়েল। ১৬ জুলাই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগের জেরেই আসনটি শূন্য হয় এবং সেখানে উপনির্বাচনের প্রয়োজন পড়ে।
কোয়েলের আগে তৃণমূলের আরও তিন রাজ্যসভা সাংসদ—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক—পদত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে তাঁরা বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেই অধিবেশনে যোগ দিলে সেটিই হত কোয়েল মল্লিকের সাংসদ হিসেবে প্রথম অধিবেশন। তার আগেই অবশ্য রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ান তিনি। এবার তাঁর ছেড়ে যাওয়া আসনেই নতুন করে ভোট হতে চলেছে। নির্বাচিত সাংসদ অবশিষ্ট মেয়াদ, অর্থাৎ ২০৩২ সালের ২ এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকবেন।

Leave a comment