প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে এবার বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূর্ণ করে ৭৬ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিও এ বছর সম্পূর্ণ হচ্ছে। এই দুই উপলক্ষকে সামনে রেখেই রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে।

বৃহস্পতিবার নবান্নে এ নিয়ে প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ পালনের পাশাপাশি কলকাতায় দিনভর নানা অনুষ্ঠান হবে।

সূর্যাস্তের পর গঙ্গার তীরে হবে বিশেষ প্রদীপ প্রজ্জ্বলন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মূল অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতার বিভিন্ন সরকারি ও ঐতিহ্যবাহী ভবন প্রদীপ দিয়ে সাজানোর পাশাপাশি কালীঘাট মন্দিরেও প্রদীপ প্রজ্জ্বলনের পরিকল্পনা রয়েছে। ফলে ওই দিন শহরে উৎসবের আবহ তৈরি হবে।

‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র আওতায় বাইক ও সাইকেল মিছিল, সেবা যাত্রা, সেবাসেতু যাত্রা এবং রঙ্গোলি যাত্রার মতো কর্মসূচি হবে। এর মধ্যে রঙ্গোলি যাত্রা বিশেষ আকর্ষণ হতে চলেছে। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

স্কুলপড়ুয়াদের নিয়েও হবে বিশেষ কর্মসূচি। প্রায় ৮০ হাজার ছাত্রছাত্রী ‘বিকশিত ভারত’ প্রতিযোগিতায় অংশ নেবে। ২০৪৭ সালে ভারত কেমন হবে, তা নিয়ে অঙ্কন, প্রবন্ধ, রচনা এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে স্কুলশিক্ষা দফতর।

পাশাপাশি পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’ হবে। তবে নন্দীগ্রাম ও রেজিনগরে সরকারি উদ্যোগে কোনও অনুষ্ঠান হবে না। আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে উপনির্বাচন থাকায় সেখানে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। তাই সরকারি কর্মসূচি রাখা হয়নি। তবে স্থানীয় মানুষ বা রাজনৈতিক দল নিজেদের উদ্যোগে উদযাপন করতে পারবেন।

Leave a comment