কলকাতা: সারা রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে গত কিছুদিন ধরেই নাজেহাল পরিস্থিতি। সেপ্টেম্বর মাসেও বর্ষা বিদায় নিতে নারাজ। অবশেষে জানা যাচ্ছে এই সপ্তাহেই বর্ষা কিছুটা মুখ লুকোতে চলেছে। তবে দক্ষিণবঙ্গ তথা কলকাতা ও উত্তরবঙ্গেও সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস এখনো অব্যাহত। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। মালদহ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Leave a comment