প্রাথমিক শিক্ষক নিয়োগের ফর্মে ওবিসি সংক্রান্ত তথ্য বদলাতে চাইলে হাতে আর বেশি সময় নেই। প্রার্থীদের জন্য অনলাইন পোর্টাল খুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১৪ অক্টোবর থেকে এই কাজ শুরু হয়েছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ওবিসি-এ বা ওবিসি-বি ক্যাটেগরিতে আবেদন করেছিলেন যাঁরা, তাঁদের নতুন করে নিজেদের তথ্য দেখে নিতে হবে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওবিসি তালিকার ৬৬টি নির্দিষ্ট সাব-ক্লাসের প্রার্থীরাই সংরক্ষণের সুবিধা পাবেন। এই তালিকায় কারও শ্রেণি না থাকলে সংরক্ষণের আওতায় আবেদন বিবেচনা করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলেও আবেদন সাধারণ ক্যাটেগরিতে চলে যাবে।
পরবর্তী সময়ে কাউন্সেলিং ও নথি যাচাইয়ের সময় আসল এবং বৈধ ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। সেই নথি দেখাতে না পারলে সংরক্ষণের দাবি মানা হবে না।
পর্ষদ জানিয়েছে, ৩১ অক্টোবর পোর্টাল বন্ধ হয়ে গেলে আর কোনও সংশোধন করা যাবে না। ওবিসি শ্রেণি সংক্রান্ত নতুন করে কোনও আবেদনও নেওয়া হবে না। তাই যাঁদের তথ্য বদলানোর প্রয়োজন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সেরে নিতে হবে।

Leave a comment