রাজ্যে সরকার বদলের পর এ বারই প্রথম দুর্গাপুজো। সেই পুজোর সেরাদের বেছে নিয়ে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর তালিকা প্রকাশ করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে মোট ২৩টি পুজো কমিটিকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব আয়োজন ও সমাজ সচেতনতা—বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে শহরের পুজোগুলি।

সেরার সেরা বিভাগে প্রথম হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। দ্বিতীয় স্থান পেয়েছে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি। তৃতীয় চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। প্রতিমার বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় টালা বারোয়ারি, তৃতীয় বেহালা অরুণোদয় সমিতি এবং চতুর্থ আহিরীটোলা সর্বজনীন।

মণ্ডপের বিচারে প্রথম পুরস্কার পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি। দ্বিতীয় হয়েছে আমরা ক’জন কল্যাণ সমিতি। আলোকসজ্জায় প্রথম সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। এই বিভাগে দ্বিতীয় বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং তৃতীয় শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব।

পরিবেশবান্ধব পুজোর বিভাগে প্রথম হয়েছে নলিন সরকার স্ট্রিট। দ্বিতীয় পুরস্কার পেয়েছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজো। তৃতীয় রাজডাঙা নব উদয় সংঘ। সমাজ সচেতনতার বিভাগে প্রথম কাশীবোস লেন। দ্বিতীয় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তৃতীয় চক্রবেড়িয়া সর্বজনীন এবং চতুর্থ অজেয় সংহতি।

এ বারের তালিকায় বিশেষ পুরস্কারও রয়েছে। এই সম্মান পেয়েছে বি.জি. লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়্যার, ঠাকুরপুকুর এসবি পার্ক এবং সমাজসেবী সংঘ।

Leave a comment