কলকাতা: রবিবার বউবাজারে একটি দুর্গাপুজো কমিটির খুটি পুজো অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, গুপ্তা, জয়সওয়ালরা না থাকলে উত্তর কলকাতায় ভদ্র বাঙালিদের অস্তিত্ব থাকত না। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিতর্কের ঝড় বাংলায়। 

রবিবারের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “উত্তর কলকাতায় দাঁড়িয়ে একটি কথা বলতেই হবে। গুপ্তা এবং জয়সওয়ালরা যদি এখানে না থাকতেন, যদি তাঁরা তাঁদের সম্পূর্ণ সম্পদ ব্যয় করে তলোয়ার তৈরির জন্য প্রয়োজনীয় লোহা না দিতেন, তাহলে আজ আমরা উত্তর কলকাতায় যে ভদ্রলোক এবং অভিজাত বাঙালিদের দেখতে পাচ্ছি, তাঁদের অস্তিত্বই থাকত না।”

এদিন শতদল সংঘ আয়োজিত ‘খুঁটি পুজো’র অনুষ্ঠানে হাজির হয়ে এই মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকে পাশে নিয়ে ভট্টাচার্য আরও বলেন, কঠিন সময়ে ওই সম্প্রদায়গুলি বাঙালিদের পাশে দাঁড়িয়েছিল এবং ঐক্যবদ্ধ ছিল। “কলকাতাকে বুঝতে হলে এখানে (উত্তর কলকাতায়) আসতে হবে” বলেও মন্তব্য করেন শমীক।

এই মন্তব্যের জেরে তুঙ্গে উঠেছে বিতর্ক। বিরোধী শিবিরও এ নিয়ে সরব হয়েছে। আপামর বাঙালিও শমীকের এই মন্তব্যে ক্ষুব্ধ। বাঙালির ঐতিহ্যকে ক্ষুন্ন করছে তাঁর এই মন্তব্য! এমন দাবিও করা হচ্ছে। পাশাপাশি, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ”এই ধরনের মন্তব্য কলকাতার ঐতিহ্যের ক্ষতি করবে।” প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “এই বক্তব্যগুলি কোন নথির ভিত্তিতে করা হচ্ছে, আমি জানি না।”

Leave a comment