বাড়িতে হামলার ঘটনার জন্য হিন্দুত্ববাদীদের দায়ী করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই মন্তব্য ঘিরেই এবার সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই হিন্দুত্ববাদীদের দিকে আঙুল তুলে গোটা সনাতনী হিন্দু সমাজকে অপমান করেছেন বর্ষীয়ান আইনজীবী। হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিকাশরঞ্জনের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাঁর দাবি, বাইকে চেপে কয়েকজন যুবক বাড়ির সামনে এসে ইট ও মদের বোতল ছুড়তে শুরু করে। ভেঙে যায় জানলার কাচ। হামলাকারীদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ করেছেন তিনি। বাইকের নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফলে কাউকেই শনাক্ত করা যায়নি বলে দাবি সিপিএম নেতার।

ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার পিছনে হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন বিকাশরঞ্জন। তাঁর সেই বক্তব্য নিয়েই আপত্তি তুলেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে। তবে তদন্তের আগেই এভাবে একটি গোষ্ঠীকে দায়ী করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুভেন্দু বলেন, “হামলার ঘটনার তদন্ত অবশ্যই হবে। আমার নির্দেশে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারও করেছে। তবে উনি কীভাবে সোশাল মিডিয়ায় লিখলেন হিন্দুত্ববাদীরা হামলা করেছে? গোটা হিন্দু সমাজের অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমি ছাড়ার পাত্র নই। গেরুয়া, সনাতন, হিন্দুত্ব, রাষ্ট্রবাদীর বিরুদ্ধে আঙুল তুললে তাদের সবক শেখাতেই হবে।”

এদিকে, বিকাশরঞ্জনের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারা এই হামলা চালাল, কেনই বা এই ঘটনা ঘটানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিকাশরঞ্জনের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

Leave a comment