ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি যাওয়ার পথে জয়পুরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বুধবার সকালে বিমানটিকে নামানোর পরই তৎপরতা শুরু হয় বিমানবন্দরে। পৌঁছন পুলিশ আধিকারিকরা। তল্লাশির জন্য ডাকা হয় বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীকে। বিমান অপহরণের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। যদিও ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমানটি মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল। বুধবার সকাল ৯টা ৫ মিনিট নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি সতর্কবার্তা পৌঁছয়। এরপর বিমানটিকে জয়পুরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন এই সতর্কবার্তা, তা নিয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্যে থাকার সময় পাইলট স্কোয়াক কোড ৭৫০০ ব্যবহার করেন। বিমানে ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের পরিস্থিতি বোঝাতেই এই কোড দেওয়া হয়। অবতরণের পর বোয়িং ৭৮৭-৯ বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

পিটিআইকে মালভিয়ার সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল জানিয়েছেন, বোমা হামলার হুমকির খবর পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তার পরেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। এয়ার ইন্ডিয়ার তরফেও ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে, পাইলট ভুল করে হাইজ্যাক অ্যালার্ট পাঠিয়ে থাকতে পারেন বলে সূত্রের খবর। তবে সেই সম্ভাবনা এখনও নিশ্চিত নয়। সতর্কবার্তা কেন দেওয়া হয়েছিল, তা তদন্তের পরই জানা যাবে।

Leave a comment