গভীর রাতে উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে শহিদ এক্সপ্রেসের একটি স্লিপার কোচে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। কামরার ভিতর ধোঁয়া ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ট্রেন থামার পর ওই কামরায় থাকা অন্তত ৮০ জন যাত্রীকে নামিয়ে আনা হয়। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে কয়েক জনের ব্যাগ ও অন্যান্য মালপত্র পুড়ে গিয়েছে।

বিহারের জয়নগর থেকে পাঞ্জাবের অমৃতসর যাচ্ছিল শহিদ এক্সপ্রেস। শুক্রবার রাতে নাগিনা স্টেশনের কাছে পৌঁছনোর সময় ট্রেনের এস-৬ নম্বর স্লিপার কোচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কামরার ভিতর ধোঁয়া জমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই তাড়াতাড়ি কামরা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেলের কর্মীরা। ট্রেন থামার পর যাত্রীদের নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কয়েক জন যাত্রীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে।

কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনার পর কামরার বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং পরীক্ষা করা হয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ফের অমৃতসরের উদ্দেশে রওনা দেয় শহিদ এক্সপ্রেস। প্রাণহানির ঘটনা না ঘটলেও গভীর রাতে এই বিপত্তিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

নাগিনা জিআরপি-র ইনচার্জ রাহুল যাদব জানিয়েছেন, ঘটনার পরই যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আগুনে কয়েক জনের মালপত্রের ক্ষতি হয়েছে।

Leave a comment