উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরার নীচে ধোঁয়া দেখা যাওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের হুগলির বেলমুড়ি স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। ধোঁয়া দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকজন যাত্রী কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে চলে আসেন।

জানা গিয়েছে, ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বেলমুড়ি স্টেশনের কাছে আসার সময় একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত ট্রেনটি দাঁড় করান। এরপর রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়।

রেলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি পরীক্ষা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চাকার ব্রেকসুতে ঘর্ষণের কারণে ধোঁয়া তৈরি হয়ে থাকতে পারে। তবে যান্ত্রিক সমস্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। রেলের তরফে সংশ্লিষ্ট অংশ খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

প্রায় ২০ মিনিট বেলমুড়িতে দাঁড়িয়ে থাকার পর সকাল ৮টা ২২ মিনিট নাগাদ ট্রেনটি ফের যাত্রা শুরু করে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের নীচে ধোঁয়া দেখতে পাওয়ায় যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জুন রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি মালগাড়ি ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন। সেই ঘটনার স্মৃতি এখনও যাত্রীদের মনে রয়েছে। ফলে এবার একই ট্রেনে ধোঁয়া দেখা যাওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ বাড়ে।

বেলমুড়ির ঘটনায় দ্রুত পদক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রেনটি পরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেয়। ঘটনার কারণ এবং ট্রেনের যান্ত্রিক অবস্থার বিষয়ে রেল কর্তৃপক্ষ পরীক্ষা চালাচ্ছে।

Leave a comment