দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর নজরে থাকা মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে ধরিয়ে দিতে ২ কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
বাংলা, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন আকাশ। নিরাপত্তাবাহিনীর একাধিক অভিযানের পরও এতদিন তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন। বিভিন্ন সময়ে আত্মগোপনে থেকে সংগঠনের কাজ চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত পটাশপুরে তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ।
আকাশের গ্রেফতারের পরেই পুলিশের বিশেষ বাহিনীর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় তিনি জানান, কলকাতা পুলিশের এসটিএফ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য সীমানা লাগোয়া এলাকায় মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি করেন তিনি।
মাওবাদী কার্যকলাপ নিয়ে নিজের সরকারের অবস্থানও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে কোনওভাবেই মাওবাদী কার্যকলাপের পুনরুত্থান বরদাস্ত করা হবে না। ফের কোথাও এই ধরনের কার্যকলাপ মাথাচাড়া দেওয়ার চেষ্টা হলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে বলেও বার্তা দেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের লালট এলাকায় আকাশের উপস্থিতির খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সঙ্গে আরও কারা যুক্ত ছিলেন, তাঁদের গতিবিধি কী ছিল এবং সংগঠনের কোনও নতুন পরিকল্পনা ছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।
আকাশের গ্রেফতারির পর এখন তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি এবং দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যুক্ত থাকা সংগঠনের কার্যকলাপ খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে পটাশপুর-সহ সংশ্লিষ্ট এলাকায় মাওবাদী সংগঠনের কোনও সক্রিয় নেটওয়ার্ক রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

Leave a comment