পুজোর মধ্যে বৃষ্টি হবে কি না, তা নিয়ে চিন্তা ছিল পুজোপ্রেমীদের। ষষ্ঠীর সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিছুটা স্বস্তি মিলল। শুক্রবার ও শনিবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে একাদশী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছেন আবহবিদেরা। ফলে পুজোর বাকি দিনগুলিতে মণ্ডপে ঘোরার পরিকল্পনা অনেকটাই নিশ্চিন্তে করা যেতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনসুন। এর পাশাপাশি উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবও রয়েছে। কোমোরিন এলাকা থেকে ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই রাজ্যের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

অষ্টমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ, হাওয়া অফিসের এই পূর্বাভাস বজায় থাকলে পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির জন্য মণ্ডপে ঘোরার পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। এখন নজর আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে।

Leave a comment