দুর্গাপুজো শেষ হতে না হতেই বৃষ্টির আশঙ্কা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাব পড়তে পারে রাজ্যের আবহাওয়ায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা। পরিস্থিতির কথা মাথায় রেখে ২৭ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে যাঁরা রয়েছেন, তাঁদের ২৬ অক্টোবরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে। 

শনিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার আরও শক্তি বাড়িয়ে অতি-গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। এরপর উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে সেটি। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সোমবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। মঙ্গলবার দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

বৃহস্পতিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a comment