জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীর হামলার আশঙ্কা নতুন নয়। তবে শিয়ালের কামড়ে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের এই ঘটনায় সরকারি উদ্যোগ ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ঝালদা বনাঞ্চলের ইচাগ এলাকার বাসিন্দা প্রমীলা রজক শিয়ালের কামড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মৃতার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বন দফতর। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রমীলার স্বামী দিলীপ রজকের হাতে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে। পাশাপাশি মৃতার ছেলে জিতেন্দর রজককে ঝালদা বনাঞ্চলে ফরেস্ট ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। ওই পদে মাসিক ১২ হাজার টাকা বেতন দেওয়ার কথা রয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে পুরুলিয়ার একাধিক এলাকায় শিয়ালের হামলার অভিযোগ সামনে এসেছে। ঝালদা, কোটশিলা, বাঘমুণ্ডি এবং কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর ও কাশীপুর বনাঞ্চলে শিয়ালের আঁচড় ও কামড়ে একশোর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সন্ধ্যার পর জঙ্গল লাগোয়া রাস্তায় যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শিয়ালের দল লোকালয়ের কাছাকাছি চলে আসে বলে অভিযোগ। ফলে কাজ সেরে বাড়ি ফেরার সময় আতঙ্কে থাকতে হয় বাসিন্দাদের। বিশেষ করে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় শিয়ালের আনাগোনা নিয়ে উদ্বেগ রয়েছে।

প্রশাসনের এই উদ্যোগে একদিকে মৃতার পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে, অন্যদিকে পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। শিয়ালের হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের সদস্যকে বনাঞ্চলে চাকরি দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে প্রথম বলে সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে।

Leave a comment