উত্তরবঙ্গে সরকারি কর্মসূচির ফাঁকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চালসার টিয়াবন হেলিপ্যাডে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। মূলত আগামী ৭ অক্টোবর দার্জিলিংয়ের লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান পাহাড়ের দুই নেতা।

এদিন কোচবিহারে প্রশাসনিক সভা শেষ করে জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে কপ্টারে চালসার টিয়াবন হেলিপ্যাডে পৌঁছন তিনি। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন বিমল গুরুং ও রোশন গিরি। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়। কথোপকথনের বিষয়বস্তু অবশ্য প্রকাশ্যে আসেনি।

তবে বৈঠকের শেষে ৭ অক্টোবরের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, “মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ইচ্ছা আছে থাকার।”

প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষেও কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সেই সময়ই লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তাঁরা। মঙ্গলবার সেই আমন্ত্রণের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানের কার্ড।

মোর্চার তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে। ফলে দুর্গাপুজোর আগে ফের পাহাড় সফরে যেতে পারেন শুভেন্দু অধিকারী।

Leave a comment