মন্দারমণি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেড়াতে না গিয়ে প্রাক্তন শ্বশুরবাড়িতেই ঢুকে পড়েন বলে অভিযোগ। বাড়ির পিছনের কার্নিশ বেয়ে দোতলায় উঠে প্রায় ১৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না চুরির অভিযোগ উঠেছে তুহিন মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। দত্তপুকুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ময়নাগদি দক্ষিণপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীবাড়ি এলাকার বাসিন্দা তুহিনের সঙ্গে রিংকি পারভিনের বিয়ে হয়েছিল গত বছর। তবে দাম্পত্য জীবনে অশান্তির জেরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। চলতি বছরের আগস্টে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়।
অভিযোগ, বিচ্ছেদের পর প্রাক্তন শ্বশুরবাড়িতে চুরির পরিকল্পনা করেন তুহিন। বুধবার নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি জানান, মন্দারমণি যাচ্ছেন। শুক্রবার ফেরার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যাতেই তাঁকে প্রাক্তন শ্বশুরবাড়িতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির পিছনের কার্নিশ ব্যবহার করে দোতলায় ওঠেন তুহিন। এরপর একটি ফাঁকা ঘরে ঢুকে শোকেস থেকে সোনা ও রুপোর গয়না নিয়ে নেন বলে অভিযোগ। পরিবারের দাবি, চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
তবে বাড়ি থেকে বেরনোর সময় তুহিনকে এক ঝলক দেখে ফেলেন তাঁর প্রাক্তন শাশুড়ি। পরে ঘরে গিয়ে শোকেস তছনছ অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। গয়না চুরি হয়েছে বুঝতে পেরে দ্রুত দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়ার পর তুহিনের মোবাইল ফোনের লোকেশন পরীক্ষা করে পুলিশ। তাঁর অবস্থান বামনগাছি এলাকায় পাওয়া যায়। এরপর ছবি ও লোকেশনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরিবারের দাবি, এর আগেও তুহিনের বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ উঠেছিল। এবারও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার বারাসত আদালতে তোলা হলে বিচারক তুহিনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চুরির ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment