গান্ধী জয়ন্তীর সকালে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বাপুর ১৫৭তম জন্মবার্ষিকী। এদিন সকালে রাজঘাটে পৌঁছে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে সমাজমাধ্যমে গান্ধীজির জীবন ও আদর্শ নিয়ে নিজের বক্তব্যও জানান তিনি।

হিন্দি এবং ইংরেজি—দুই ভাষায় পোস্ট করেন মোদী। সেখানে সত্য, অহিংসা, করুণা ও সেবার কথা তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, গান্ধীজির জীবন মানবতার সামনে একটি পথ দেখানোর মতো। তাঁর দেখানো আদর্শ আজও মানুষের কাছে প্রাসঙ্গিক।

ইংরেজি পোস্টে ‘বিকশিত ভারত’-এর প্রসঙ্গও রয়েছে। মোদীর বক্তব্য, বাপুর কালজয়ী বার্তা একটি উন্নত সমাজ গড়ে তোলার পাশাপাশি বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছনোর পথ দেখাতে পারে। গান্ধীজির ভাবনাকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়েই এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন গান্ধীজির জীবন ও কাজের উপর তৈরি একটি ভিডিওও পোস্ট করেন মোদী। সেখানে নেপথ্য কণ্ঠে প্রধানমন্ত্রীকে গান্ধীজির প্রভাবের কথা বলতে শোনা যায়। তাঁর বক্তব্য, ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থেকেও মহাত্মা গান্ধী অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে বলেও ভিডিওতে উল্লেখ করা হয়েছে।

তবে গান্ধী জয়ন্তীর বার্তায় স্বদেশির কথাও আলাদা করে বলেছেন প্রধানমন্ত্রী। দেশীয় পণ্য ব্যবহারে গান্ধীজি বরাবরই উৎসাহ দিতেন বলে উল্লেখ করে খাদির প্রসঙ্গ তোলেন মোদী। ২ অক্টোবর অন্তত একটি খাদির পণ্য কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Leave a comment