দুবাই-তেল আভিভগামী বিমানে সন্ত্রাসী হামলা রুখে যাত্রীদের প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বাংলা থেকে স্মিতের মতো সাহসী ও দেশপ্রেমী পাইলট তৈরি করার কথাও বললেন তিনি। বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানিয়েছেন, বাংলায় এমন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি হলে এখান থেকেই দক্ষ পাইলট তৈরি করা সম্ভব। তাঁরা দেশের পাশাপাশি বিদেশেও বিমান পরিষেবায় কাজ করার সুযোগ পাবেন। কেন্দ্রের অনুমতি মিললে দ্রুতই এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। স্মিতের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি পাইলটই দেশকে ভালোবাসেন। সম্প্রতি এক পাইলট নিজের সাহসিকতায় বহু নিরপরাধ মানুষের জীবন বাঁচিয়েছেন। বাংলার ছেলেমেয়েরাও যাতে এই ধরনের পাইলট হওয়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরির আর্জি জানানো হয়েছে।

গত বুধবার দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝ আকাশেই আচমকা ককপিটে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর পিছন দিক থেকে হামলা করেন তাঁর কো-পাইলট হামাম। কুঠার দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করা হয়। দু’জনের মধ্যে ধস্তাধস্তির সময় মাত্র দু’মিনিটে বিমানটি ৩৬ হাজার ফুট থেকে নেমে আসে ১৭ হাজার ফুটে। প্রবল চাপের জেরে রাডারের একটি অংশও খুলে যায়।

গুরুতর আহত হয়েও হাল ছাড়েননি স্মিত। পরিস্থিতি সামাল দেওয়ার পর একসময় ককপিটের দরজা খুলে দেন তিনি। বিমানে থাকা অন্য দুই পাইলটের সাহায্যে শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। প্রথম দিকে ঘটনাটি দুই পাইলটের ব্যক্তিগত বিবাদের জেরে ঘটেছে বলে মনে করা হলেও পরে তদন্তে উঠে আসে, হামামের পরিকল্পনা ছিল সন্ত্রাসী হামলা চালানোর।

এই ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেন একাধিক দেশের রাষ্ট্রনেতা। তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার সেই ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে বাংলায় ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a comment