শুক্রবার রাতে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ পানামা। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৭.৭। তার কিছুক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। জোড়া কম্পনের জেরে সুনামির আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-র পক্ষ থেকে জানানো হয়েছে, পিতালোজা আরিবা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ভূমিকম্পের জেরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও।
পানামার পাশাপাশি ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া ও গুয়াতেমালা-সহ একাধিক দেশেও সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পুরো ছবিটা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিকে, ভূমিকম্পের পর সমুদ্রে বড় ঢেউ ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। পানামার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ উঠতে পারে। সেই আশঙ্কায় উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মূল কম্পনের পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে বলে খবর। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Leave a comment