থানার জরুরি পরিষেবার জন্য বরাদ্দ গাড়ি বা বাইক নিয়ে অন্য কাজে বেরনো যাবে না। ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যাবে না সেগুলি। জরুরি ফোন পাওয়ার পর যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতে থানাগুলিকে এই নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিশের পৌঁছতে ১০ মিনিটের বেশি দেরি হলে তার কারণ খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিকে। নিয়ম না মানলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

মহালয়া উপলক্ষে কলকাতা পুলিশের বহরে ৪৫০টি গাড়ি ও বাইক যোগ হয়েছে। ১১২ নম্বরে ফোন এলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর জন্য প্রতিটি থানাকে একটি করে গাড়ি ও ই-বাইক দেওয়া হয়েছে। সেগুলি কোথায় রাখা হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট ডিভিশনের ডিসি। থানার ওসিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। কোন এলাকায় জরুরি পরিষেবার প্রয়োজন বেশি, কোথায় যাতায়াতের সুবিধা রয়েছে, সে সব দিক মাথায় রাখা হবে।

গাড়ি ও বাইক কোথায় রয়েছে, তার উপর নজর রাখবে লালবাজারের কন্ট্রোল রুম। দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ডিউটির সময় আগের দিনই ‘ডিউটি মিত্র’ অ্যাপে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি শিফট শুরুর আগে গাড়ির জ্বালানি, ব্রেক, আলো, সাইরেন ও জিপিএস পরীক্ষা করতে হবে। যোগাযোগ ব্যবস্থা ঠিক রয়েছে কি না, প্রাথমিক চিকিৎসার কিট রয়েছে কি না, তাও দেখে নিতে হবে।

জরুরি ফোন এলেই দেরি না করে রওনা দিতে হবে পুলিশকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে প্রথমে বিপদে পড়া মানুষের প্রাণ বাঁচানো এবং ক্ষয়ক্ষতি আটকানোর চেষ্টা করতে হবে। প্রয়োজন অনুযায়ী এলাকা ঘিরে রাখা, থানাকে খবর দেওয়া এবং অ্যাম্বুল্যান্স, দমকল বা ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়ার দায়িত্বও সামলাতে হবে তাঁদের। মহিলা, শিশু ও অসহায় মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে পুলিশ না পৌঁছলে কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজন হলে থানা থেকে অন্য দল পাঠানো হবে। কিন্তু পৌঁছতে ১০ মিনিটের বেশি দেরি হলে কেন এমনটা হল, তা তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে ডিভিশনের ডিসিকে।

জরুরি পরিষেবার কাজে কোনও গাফিলতি হচ্ছে কি না, সে দিকেও নজর রাখতে হবে থানার ওসিদের। পুলিশকর্মীদের দেরিতে পৌঁছনো বা তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করতে হবে সংশ্লিষ্ট ওসিকে। গাড়ি ও বাইকের জিপিএস সব সময় চালু রাখা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া সেগুলি অন্য জায়গায় সরানো বা অন্য কাজে ব্যবহার করা হলে বিভাগীয় পদক্ষেপ করা হতে পারে। জরুরি ফোন পাওয়ার পর পুলিশ কত দ্রুত পৌঁছচ্ছে, সেই হিসাবও নিয়মিত খতিয়ে দেখবে লালবাজার।

Leave a comment