আদালত চত্বরে পান, গুটখা কিংবা সিগারেট খাওয়া আর চলবে না। রাজ্যের সমস্ত আদালতে এই নিষেধাজ্ঞা চালুর উদ্যোগ নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিষয়টি জানিয়ে জেলা জজদের চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। আদালতের নিরাপত্তা বাড়াতে প্রবেশপথে তল্লাশির ব্যবস্থার প্রস্তাবও উঠেছে।
সোমবার বারুইপুর আদালতের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার মামলার শুনানি চলছিল হাইকোর্টে। সেই শুনানিতেই আদালত চত্বরে পান, গুটখা ও সিগারেট নিষিদ্ধ করার কথা জানান প্রধান বিচারপতি। তবে নিষেধাজ্ঞা কার্যকরের পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুনানিতে উপস্থিত কয়েক জন আইনজীবী আদালত চত্বরে আলাদা স্মোকিং জোন রাখার প্রস্তাবও দেন।
আদালতের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসিয়ে প্রত্যেককে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। এ নিয়ে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে। বৈঠকের পর লিখিত সিদ্ধান্ত জানাতে হবে প্রধান বিচারপতিকে। তার পরেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে কি না, তা ঠিক হবে।
এদিকে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তদন্তের গতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, এখনও পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আক্রান্ত আইনজীবীর জবানবন্দিও পুলিশ রেকর্ড করেনি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত।
মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর। ওই দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

Leave a comment