অনেক দিন পর ফের কাঞ্চনজঙ্ঘা দর্শন। বুধবার চতুর্থীর সকালে শিলিগুড়ির আকাশে মেঘ না থাকায় স্পষ্ট দেখা গেল বরফে ঢাকা পাহাড়। সকালে কাজে বেরিয়ে কিংবা হাঁটতে গিয়ে আচমকা এই দৃশ্য চোখে পড়তেই দাঁড়িয়ে পড়েন অনেকে। শহরের উড়ালপুলে দাঁড়িয়ে ছবি তোলেন বহু মানুষ। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
বর্ষা জুড়ে মেঘ আর বৃষ্টির কারণে কাঞ্চনজঙ্ঘা প্রায় দেখাই যায়নি। পাহাড়ে ঘুরতে গিয়েও অনেক পর্যটককে ফিরতে হয়েছে নিরাশ হয়ে। গত কয়েক দিন ধরে বৃষ্টি কমেছে। বুধবার সকালেও আকাশ ছিল পরিষ্কার। সেই সুযোগেই দেখা মিলল ‘ঘুমন্ত বুদ্ধ’র।
প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন শিলিগুড়ির এক বাসিন্দা। কিন্তু এদিনের সকালটা তাঁর কাছে ছিল অন্য রকম। তিনি বলেন, “প্রতিদিন হাঁটতে আসি। আজকের সকালটা একেবারে অন্যরকম। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে গেল।”
শিলিগুড়ির পাশাপাশি কালিম্পং-সহ উত্তরবঙ্গের নানা জায়গা থেকেও দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। স্থানীয়দের কথায়, শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে পাহাড় দেখা যায় ঠিকই, তবে এত পরিষ্কার দৃশ্য রোজ মেলে না। পুজোর আগে সকালে এমন দৃশ্য দেখে খুশি স্থানীয়রা।

Leave a comment