পুজোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ফিরতে দেরি হয়ে গেলেও যাতে বাড়ি ফেরার ট্রেন পেতে অসুবিধা না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করছে পূর্ব রেল। হাওড়া ডিভিশনে ১২টি অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নির্দিষ্ট রাতে চলবে এই ট্রেনগুলি। হাওড়া–বর্ধমান, হাওড়া–ব্যান্ডেল, ব্যান্ডেল–নৈহাটি, শেওড়াফুলি–তারকেশ্বর এবং হাওড়া–চণ্ডনপুর রুটে মিলবে এই পরিষেবা। সব স্টেশনেই থামবে বিশেষ ট্রেনগুলি।

১৭ অক্টোবর রাত থেকে ২১ অক্টোবর ভোর পর্যন্ত চলবে এই পরিষেবা। পুজোর দিনগুলিতে কয়েকটি নিয়মিত লোকালের সময় ও যাত্রাপথেও বদল করা হয়েছে।

ব্যান্ডেল হয়ে হাওড়া–বর্ধমান স্পেশাল হাওড়া থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে বর্ধমানে পৌঁছবে ভোর ৩টে ১০ মিনিটে। ফিরতি ট্রেনটি বর্ধমান থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।

ডানকুনি হয়ে চলা হাওড়া–বর্ধমান স্পেশাল হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমানে পৌঁছবে ভোর ৩টে ২০ মিনিটে। অন্যদিকে, বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে।

হাওড়া–ব্যান্ডেল স্পেশাল রাত ১টায় হাওড়া থেকে ছেড়ে রাত ২টো ৫ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে। ব্যান্ডেল থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে।

শেওড়াফুলি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে তারকেশ্বরগামী ট্রেনটি পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে। ফিরতি ট্রেনটি তারকেশ্বর থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।

ব্যান্ডেল থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে বিশেষ লোকালটি নৈহাটিতে পৌঁছবে রাত ১টা ৮ মিনিটে। নৈহাটি থেকে রাত ১টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছবে রাত ১টা ৪৫ মিনিটে।

এ ছাড়া, হাওড়া থেকে রাত ১২টা ১৫ মিনিটে ছাড়বে চণ্ডনপুরগামী স্পেশাল। সেটি রাত ১টা ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। চণ্ডনপুর থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে এবং হাওড়ায় পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬৩৫০১ হাওড়া–বর্ধমান মেমু লোকাল রাত ১টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামার পাশাপাশি মগরা, পান্ডুয়া, বয়েনচি ও মেমারিতেও দাঁড়াবে ট্রেনটি।

এই সময় ৩৭৭৩১ ব্যান্ডেল–মেমারি ইএমইউ লোকালকে বর্ধমান পর্যন্ত চালানো হবে। ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ৩৭৭৩২ মেমারি–হাওড়া লোকালও মেমারির বদলে বর্ধমান থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। রাত ১২টা ১০ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে ট্রেনটি।

১৮ থেকে ২১ অক্টোবর দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সময়সূচি মেনে চলবে লোকাল ট্রেন। তার পর থেকে চালু হবে কর্মদিবসের স্বাভাবিক সময়সূচি। ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ৮ নভেম্বর কালীপুজোর দিনেও একই নিয়ম থাকবে।

তবে ৩৭২২০ ব্যান্ডেল–হাওড়া ইএমইউ লোকাল নির্ধারিত সময়েই চলবে। ব্যান্ডেল থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়া এই ট্রেনের রুট ও সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

পুজোর রাতে বেরোনোর আগে নিজের রুটের ট্রেনের সময় দেখে নিন। বিশেষ করে রাতের শেষ দিকে বাড়ি ফেরার পরিকল্পনা থাকলে এই সময়সূচি জেনে রাখা সুবিধাজনক হবে।

Leave a comment