ব্যাংকক যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আটক দুই যাত্রী। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। এত বিপুল পরিমাণ ডলার নিয়ে তাঁরা কেন বিদেশে যাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পিছনে হাওয়ালা লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আটক দু’জনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা। তাঁরা ভুটান এয়ারলাইন্সের বিমানে ব্যাংকক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। এরপর দু’জনকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁদের ব্যাগ থেকে মেলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা।

মহিলা যাত্রীর ব্যাগের নিচের দিকে একটি অংশে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার। কাগজের প্যাকেটে মুড়ে রাখা হয়েছিল সেগুলি। অন্যদিকে, পুরুষ যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার। সব মিলিয়ে দুই যাত্রীর কাছ থেকে পাওয়া গিয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার।

এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে এল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই টাকা নিয়ে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়েও দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কোনও বেআইনি আর্থিক লেনদেন জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে হাওয়ালা চক্রের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এখনও পর্যন্ত সেই যোগের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। উদ্ধার হওয়া ডলার অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কি না, কিংবা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে।

বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের আশা, আটক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ডলারের উৎস ও গন্তব্য সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

Leave a comment