হলদিয়া পুরসভার ভোটে তৃণমূলকে একটিও আসন ছাড়তে রাজি নয় বিজেপি। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় দলের নতুন কার্যালয়ের ভূমিপুজোয় গিয়ে কর্মীদের সেই কথাই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ৩০টি আসনেই জয়ের জন্য ঝাঁপানোর নির্দেশ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “বউনি করতে দেব না। লিখে রাখুন আমার নাম করে। জনগণ আমার সঙ্গে আছে।”
হলদিয়া পুরসভায় তৃণমূলকে শূন্যে নামিয়ে আনতে হবে বলে কর্মীদের নির্দেশ দেন শুভেন্দু। তাঁর কথায়, “একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে পাঠাতে হবে।” শুধু পুরভোট নয়, আগামী নির্বাচনগুলিতেও বিজেপি ভাল ফল করবে বলে দাবি করেন তিনি। রাজ্যে পরবর্তী নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী শুভেন্দু।
তৃণমূলের বিধায়ক ও সাংসদদের ধরে রাখতে না পারা নিয়ে মমতাকে বিঁধেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দলের জনপ্রতিনিধিরা দল ছাড়লে তার দায় বিজেপির নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “উনি ৮০টা বিধায়ক জিতিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। তার দায় কি আমার? ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনকে ধরে রাখতে পারেননি তার দায় কি আমার?”
মমতাকে আক্রমণ করতে গিয়ে ফিরহাদ হাকিমের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, ফিরহাদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তের চেয়ে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই মন্তব্যের সূত্র ধরেই শুভেন্দুর প্রশ্ন, “ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা নাকি আমাদের মুখপাত্র?” তৃণমূলের অন্দরের সমস্যা আগে সামলানো উচিত, তার পর বিজেপিকে আক্রমণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Leave a comment