দুর্গাপুজো শেষ হয়েছে এক সপ্তাহ আগে। কিন্তু শহরের রাস্তা থেকে এখনও সরেনি পুজোর বিজ্ঞাপন। কোথাও রাস্তার পাশে ঝুলছে ব্যানার, আবার কোথাও ফুটপাথের উপর দাঁড়িয়ে রয়েছে বাঁশের কাঠামো। বুধবারের মধ্যে সব অস্থায়ী বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে এই সময়সীমা মেনে চলতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞাপন না সরালে জরিমানা দিতে হবে। পুরসভার কর্মীরা বিজ্ঞাপন খুলে দিলে সেই খরচও বহন করতে হবে সংশ্লিষ্টদের।
পুরসভা সূত্রে খবর, শুধু ফ্লেক্স বা ব্যানার খুলে ফেললেই হবে না। বিজ্ঞাপন লাগানোর জন্য যে বাঁশের কাঠামো তৈরি করা হয়েছিল, সেগুলিও সরাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে পুরসভার তরফেই বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হবে। সেই কাজে যে খরচ হবে, তা সংশ্লিষ্ট পুজো কমিটি বা বিজ্ঞাপনদাতার কাছ থেকে আদায় করা হবে। পাশাপাশি, বিজ্ঞাপনের নির্ধারিত খরচের অন্তত তিনগুণ পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে।
পুজো শেষ হওয়ার পরেও শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, ফ্লেক্স পড়ে থাকার ঘটনা নতুন নয়। প্রতি বছরই উৎসব মিটে যাওয়ার পর দীর্ঘদিন ধরে রাস্তায় বিজ্ঞাপন ঝুলতে দেখা যায়। কোথাও আবার মাসের পর মাস থেকে যায় বাঁশের কাঠামো। এতে শহরের সৌন্দর্য নষ্ট হয়। সমস্যায় পড়েন পথচারীরাও। ফুটপাথের উপর কাঠামো থাকলে হাঁটার জায়গা কমে যায়। তখন অনেককে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
বৃষ্টি বা ঝোড়ো হাওয়ায় অস্থায়ী কাঠামো ভেঙে পড়লেও বিপদ হতে পারে। ফ্লেক্স বা ব্যানার খুলে গিয়ে পথচলতি মানুষের গায়ে পড়ার আশঙ্কাও থাকে। এই সমস্যাগুলি এড়াতেই বিজ্ঞাপন সরানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে পুরসভা।
এ বছর পুজোর সময় রাস্তার বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে পুরসভার অনুমতি নিতে হয়েছিল পুজো কমিটিগুলিকে। কোন কমিটি কোথায় বিজ্ঞাপন দিয়েছে, সেই তথ্য পুরসভার কাছে রয়েছে। ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কোথাও বিজ্ঞাপন থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে পুরসভা।
পুরসভার বিজ্ঞাপন বিভাগের এক আধিকারিকের বক্তব্য, সময়মতো বিজ্ঞাপন সরানো হলে শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখা সহজ হবে। ফুটপাথের উপর অস্থায়ী কাঠামো থাকার কারণে যে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে, তা-ও কমবে। এখন দেখার, বুধবারের মধ্যে সব বিজ্ঞাপন সরানো হয় কি না। নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি বিজ্ঞাপন খোলার খরচও দিতে হতে পারে সংশ্লিষ্টদের।

Leave a comment